
আহ্বান নিউজ:
যশোর শহরে পৃথক দুটি হামলার ঘটনায় তিনজন আহত হয়েছেন। এর মধ্যে পূর্বশত্রুতার জেরে এক যুবককে কুপিয়ে আহত করার পর যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে গিয়েও তাকে মারধরের অভিযোগ উঠেছে। অপর ঘটনায় নাইটগার্ডকে গালাগালি করাকে কেন্দ্র করে এক ব্যক্তিকে কাচের গ্লাস দিয়ে আঘাত করে আহত করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে শহরের আরবপুর মোড়ে প্রথম হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন মোহাম্মদ আল-আমিন (২৬) ও নাদিম (২৮)। আল-আমিন আরবপুর মোড় এলাকার রিপন সরদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, পূর্ববিরোধের জেরে আরবপুর দিঘিরপাড় এলাকার রাব্বি (২৮), শামীম (৩২), তারেক (৩০) ও জাকারিয়াসহ কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে আল-আমিনকে কুপিয়ে আহত করেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে রাত সোয়া ৯টার দিকে অভিযুক্তরা আরও ৫-৬ জনকে সঙ্গে নিয়ে এসে আল-আমিনকে ফের মারধর করেন। এ সময় হামলা ঠেকাতে গিয়ে নাদিমও আহত হন। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অপরদিকে, মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে শহরের রেলগেট এলাকায় নাইটগার্ডকে গালাগালি করাকে কেন্দ্র করে ওয়াহেদ মুরাদ (৪৫) নামে এক ব্যক্তি আহত হন। তিনি বেজপাড়া ৮ নম্বর ওয়ার্ডের মনসুর ড্রাইভারের ছেলে।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, নাইটগার্ডকে গালাগালি করাকে কেন্দ্র করে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি হাতে থাকা কাচের গ্লাস দিয়ে ওয়াহেদ মুরাদকে আঘাত করেন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।