
আহ্বান নিউজ:
যশোরের ঝিকরগাছায় পুকুরের পানিতে ডুবে আনাস নামে দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার পানিসারা ইউনিয়নের রাজাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনাস ওই গ্রামের আসলাম ও মিমি দম্পতির একমাত্র সন্তান।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে খেলতে গিয়ে সবার অজান্তে আনাস পাশের নওশের চেয়ারম্যানের পুকুরে পড়ে যায়। একপর্যায়ে তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় দেড় ঘণ্টা পর পুকুরের পানিতে শিশুটির মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝিকরগাছা থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারে চলছে শোকের মাতম। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।