
আহ্বান নিউজ:
যশোরের বাঘারপাড়া ডিগ্রি মহাবিদ্যালয়ের খেলার মাঠে ফুটবলসহ অন্যান্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে মেহগনি গাছের ডালপালা কর্তন করা হয়েছে। কলেজের গভর্নিং বডির সিদ্ধান্ত ও উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি নিয়েই এ কাজ সম্পন্ন করা হয়েছে বলে দাবি করেছেন কলেজের অধ্যক্ষ মো. আব্দুল মতিন।
রোববার (১ নভেম্বর) দুপুরে প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে তিনি তার লিখিত বক্তব্যে একথা জানান।
লিখিত বক্তব্যে অধ্যক্ষ জানান,কলেজের খেলার মাঠে ফুটবল খেলার সময় গাছের ডালের কারণে খেলাধুলা বিঘ্নিত হচ্ছিল। এ পরিস্থিতিতে গত ৮ অক্টোবর গভর্নিং বডির ২৮৫ নম্বর সভায় মেহগনি গাছের ডালপালা কর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ১৫ অক্টোবর বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে এ বিষয়ে অনুমতি নেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে গত ৩১ অক্টোবর গাছের ডালপালা কর্তন করা হয়েছে।
তিনি বলেন, পুরো কার্যক্রম বিধি মোতাবেক সম্পন্ন করা হয়েছে। কর্তন করা ডালপালার বিষয়ে আগামী ৪ নভেম্বর অনুষ্ঠিতব্য গভর্নিং বডির সভায় উত্থাপন করা হবে। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে অধ্যক্ষ আরও বলেন, সরকার শিক্ষার্থীসহ যুবসমাজকে মাদকাসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলাকে গুরুত্ব দিচ্ছে। সেই ধারাবাহিকতায় কলেজের মাঠকে ফুটবলসহ অন্যান্য খেলার উপযোগী করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। অথচ এ উদ্যোগকে বাধাগ্রস্ত করতে একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
এ ধরনের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড রুখে দিতে তিনি সচেতন ও সুধী সমাজের সহযোগিতা কামনা করেন।