
আহ্বান নিউজ:
যশোর সদর উপজেলার ভায়না গ্রামের দোরাস্তা মোড়ে হাবিবুর রহমানের বাড়িতে ডাকাতির ঘটনায় ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ। একই মামলায় পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় চারজনকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই আব্দুল্লাহ আল মামুন তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রভুক্ত ছয় আসামির মধ্যে চারজন পলাতক রয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৪ নভেম্বর দিবাগত রাত আড়াইটার দিকে মুখোশধারী ডাকাতরা হাবিবুর রহমানের বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে। এ সময় তাঁর চোখ ও হাত বেঁধে ঘরের আলমারি থেকে দুই লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ ঘটনায় পরদিন কোতোয়ালি থানায় মামলা করেন হাবিবুর রহমান।
তদন্তে ছয়জনের বিরুদ্ধে ডাকাতিতে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়ায় তাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে।