
আহ্বান নিউজ:
যশোরের কেশবপুরে স্বামী-স্ত্রীকে হত্যার ঘটনা ঘটেছে। উপজেলার ব্রাহ্মণডাঙ্গা গ্রামের একটি ধানক্ষেতের পাশে মেশিনঘরের গর্ত থেকে উদ্ধার হওয়া নারী ও পুরুষের অর্ধগলিত মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে। তাঁরা হলেন মাগুরখালী এলাকার মো. আলেক সরদার (৪৬) ও তাঁর স্ত্রী মাজেদা বেগম (৩৮)।
রোববার (১ নভেম্বর) পিবিআই যশোরের মাধ্যমে তাঁদের পরিচয় শনাক্ত হয়।
এর আগে শনিবার (৩১ অক্টোবর) রাত ৮টার দিকে পাঁজিয়া ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা গ্রামের মাঠে মেশিনঘরের গর্তে মরদেহ দুটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে কেশবপুর থানা-পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। এ সময় মরদেহ দুটি অর্ধগলিত অবস্থায় ছিল।
পুলিশ জানায়, কীভাবে তাঁদের মৃত্যু হয়েছে এবং কোথায় হত্যা করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত ও তদন্তের প্রতিবেদন গুরুত্বপূর্ণ। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।