
আহবান নিউজ :
যশোরের অভয়নগর উপজেলার হিদিয়া গ্রামের ইউপি সদস্য রফিকুল ইসলাম মেম্বারকে হত্যাচেষ্টার মামলায় তিন আসামিকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর চার আসামিকে খালাস দেওয়া হয়েছে।
বুধবার (২৯ জুলাই) যশোরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্তরা হলেন হিদিয়া গ্রামের সোলেমান বিশ্বাসের ছেলে নাসির বিশ্বাস, লুৎফর বিশ্বাসের ছেলে হোসেন বিশ্বাস এবং ইয়ামিন বিশ্বাস। তাদের মধ্যে নাসির ও হোসেনকে দণ্ডবিধির ৩২৪ ধারায় দেড় বছর করে সশ্রম কারাদণ্ড, এক হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অপরদিকে ইয়ামিনকে ৩২৫ ধারায় তিন বছরের সশ্রম কারাদণ্ড, দুই হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, দীর্ঘদিনের বিরোধের জেরে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় ইছামতি বাজার থেকে বাড়ি ফেরার পথে ইছামতি ব্রিজসংলগ্ন চেয়ারম্যানের কার্যালয়ের সামনে রফিকুল ইসলাম মেম্বারের ওপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়।
এ ঘটনায় রফিকুল ইসলামের ভাই আব্দুল গফুর মোল্লা বাদী হয়ে অভয়নগর থানায় সাতজনের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে এসআই ইকবাল মাহমুদ সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।
সাজাপ্রাপ্ত তিন আসামি বর্তমানে কারাগারে রয়েছেন।