
আহবান নিউজ :
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের পরিচয় ব্যবহার করে প্রতারণার মাধ্যমে প্রায় দেড় লাখ টাকার সুপার স্টার কেবলসের তার আত্মসাতের অভিযোগ উঠেছে।
রোববার (১৯ জুলাই) সকালে হাসপাতালের জরুরি বিভাগের সামনে সুপার স্টার কেবলস কোম্পানির প্রতিনিধিরা বিষয়টি জানান। তাদের অভিযোগ, অজ্ঞাতনামা এক ব্যক্তি নিজেকে হাসপাতালের স্টাফ পরিচয় দিয়ে ‘ইকবাল’ নামে মোবাইল ফোনে কেবল সরবরাহের অর্ডার দেন। পরে তিনি জানান, তার কেয়ারটেকার ‘রতন’মালামাল গ্রহণ করবেন এবং মূল্য নেওয়ার জন্য কোম্পানির প্রতিনিধিদের লাইফ কেয়ার হাসপাতালে যেতে বলেন।
কোম্পানির প্রতিনিধিরা সেখানে গিয়ে জানতে পারেন, ‘ইকবাল’ নামে কোনো ব্যক্তি ওই হাসপাতালে কর্মরত নন। এ সময় প্রতারকের সহযোগী পরিচয়ে উপস্থিত এক ব্যক্তি কৌশলে অর্ডার করা সুপার স্টার কেবলসের ৩২ কয়েল তার, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৪৭ হাজার ৮৩৫ টাকা, নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার পর কোম্পানির প্রতিনিধিরা বুঝতে পারেন যে, হাসপাতালের পরিচয় ব্যবহার করে পরিকল্পিতভাবে তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।