
আহবান নিউজ :
যশোরের অভয়নগর উপজেলার রাজঘাট এলাকায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা এক যুবককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তার পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
শুক্রবার (৫ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় লোকজন রাজঘাট এলাকার রেললাইনের পাশে ওই যুবককে রক্তাক্ত ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহত ব্যক্তির বয়স আনুমানিক ২৬ বছর বলে ধারণা করা হচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, আহত যুবকের বাম হাতের বাহু ও মাথার বাম পাশে গুরুতর জখমের চিহ্ন রয়েছে। কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
তবে আহত ব্যক্তির পরিচয় ও স্বজনদের সন্ধান না পাওয়ায় তিনি এখনো অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।