
আহ্বান নিউজ:
যশোরের ঝিকরগাছায় পূর্বশত্রুতার জেরে জয়ন্ত (২২) নামে এক যুবককে একটি কক্ষে আটকে রেখে লোহার রড ও কিল-ঘুষি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১টার দিকে ঝিকরগাছা রেলস্টেশনের পাশে একটি কক্ষে এ ঘটনা ঘটে। আহত জয়ন্ত যশোর সদর উপজেলার আরবপুর মাঠপাড়া এলাকার জয়ের ছেলে।
অভিযোগ অনুযায়ী, বড়বাবু (৩৫), তার ছেলে রাম (১৮) ও অনিল (৩৫) তাকে কক্ষে আটকে রেখে মারধর করেন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেন। স্বজনরা তাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার অবস্থা আশঙ্কামুক্ত।