
আহ্বান নিউজ:
যশোর সীমান্তে অভিযান চালিয়ে ২১ লাখ ৯০ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২ নভেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধীনস্থ বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহল দল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় ১২৭টি শাড়ি, ৩টি থ্রি-পিস, ২টি টু-পিস, ৭২টি কম্বল, ৩৫টি চাদর, ৩ কেজি জিরা, ১৬ প্যাকেট ফুসকা, সাড়ে ৩ কেজি কিশমিশ, ৬ প্যাকেট সোনপাপড়ি, ২৪টি চকলেট, ৩ প্যাকেট আমসত্ত্ব এবং ১ হাজার ৫৩৯টি কসমেটিকস সামগ্রী।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানি পণ্য পাচারকারীদের আটকের লক্ষ্যে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।