
আহ্বান নিউজ:
যশোরে পূর্ববিরোধের জেরে সনজিত দেবনাথ নামে এক ব্যবসায়ীকে মারধর করে স্বর্ণের আংটি ও নগদ ১৭ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ছাড়া জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে আরও ৮ হাজার টাকা আদায়ের অভিযোগ করেছেন তিনি।
এ ঘটনায় মো. লাবলু তালুকদার, তার স্ত্রী সাকিবা ইসলাম নেহা, মো. সুজনসহ অজ্ঞাতনামা ৬-৭ জনের বিরুদ্ধে গত ২৫ অক্টোবর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।
অভিযোগে বলা হয়, গত ২৪ অক্টোবর বাবলাতলা খালপাড়ের তেঁতুলতলা এলাকায় মালামাল সরবরাহ করতে গেলে অভিযুক্তরা তাকে লাঠি ও লোহার রড দিয়ে মারধর করেন। এ সময় তার আট আনা ওজনের স্বর্ণের আংটি ও ১৭ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে নিউমার্কেট এলাকায় নিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। এর মধ্যে ৮ হাজার টাকা আদায় করে বাকি ১২ হাজার টাকার জন্য চাপ দেওয়া হয়।
সনজিতের দাবি, দোকানের বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে অভিযুক্তদের সঙ্গে তার বিরোধ চলছিল। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।