
আহ্বান নিউজ:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সংলগ্ন বেলতলা এলাকায় মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, যশোরের চৌগাছা উপজেলার নগরবন্নি গ্রামের মনিরুল (৫২), তাঁর ছেলে শামীম (৩০), একই গ্রামের শিমুল (৩২), সোহান (২৬) ও শাহাবুদ্দিন (৩৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, আহতরা একটি মাইক্রোবাসে চৌগাছা থেকে যশোর শহরে আসছিলেন। পথে সদর উপজেলার বেলতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসে থাকা পাঁচজন আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তাঁরা হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে শাহাবুদ্দিনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।