
আহ্বান নিউজ:
যশোরের বেনাপোলে ইউনিয়ন ছাত্রদলের এক নেতাকে অপহরণের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (৩০ অক্টোবর) রাতে ভুক্তভোগী ইয়াকুব আলী অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর ১১৯৫।
ইয়াকুব আলী বেনাপোল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি।
জিডি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ছোটআঁচড়া এলাকা থেকে ইজিবাইকে করে নিজ বাড়ি কাগজপুকুরে ফিরছিলেন ইয়াকুব আলী। পথে দীড়িরপাড় এলাকায় ৫ থেকে ৭ জন অজ্ঞাত ব্যক্তি চলন্ত ইজিবাইকের গতিরোধ করেন। একপর্যায়ে তাঁকে জোরপূর্বক অপহরণের চেষ্টা এবং ভয়ভীতি প্রদর্শনসহ প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ সময় ইজিবাইকের অন্য যাত্রীদের বাধার মুখে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে চলে যান।
ইয়াকুব আলী জানান, এ ঘটনার পর থেকে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। যেকোনো সময় তাঁর ওপর হামলা বা বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন। নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিযুক্তদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন তিনি।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শহীদ তিতুমীর জানান, জীবনের নিরাপত্তা চেয়ে ইয়াকুব আলী নামে এক ছাত্রদল নেতা থানায় সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।