
আহবান নিউজ :
যশোর সীমান্তে পৃথক অভিযানে ৭ কেজি ৯৩০ গ্রাম রৌপ্য, ২৫ বোতল বিদেশি মদ ও ১,২৬২ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চারজনকে আটক করা হয়েছে।
রোববার (১৯ জুলাই) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর-নড়াইল মহাসড়কের নীমতলা এলাকায় অভিযান চালিয়ে ৭ কেজি ৯৩০ গ্রাম রৌপ্য, একটি মোবাইল ফোন ও ১৮ হাজার ৩৩০ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার আলাইপুর উত্তর গ্রামের রবিউল ইসলাম (৪০) নামে একজনকে আটক করা হয়েছে। তার বহন করা ব্যাগের বিশেষভাবে লুকানো অংশ থেকে রৌপ্য উদ্ধার করা হয়।
এদিকে বিজিবি ও র্যাবের যৌথ অভিযানে শার্শা উপজেলার গোপীনাথপুর ও টেংরালী বাউন্ডারীপাড়া এলাকায় আরও তিনজনকে আটক করা হয়। এ সময় ৭৭৪ বোতল ও ২৬৯ বোতল সিরাপ উদ্ধার করা হয়। আটকরা হলেন শার্শা উপজেলার আবু বকর (৩৬), মিনাজ (২৩) ও বশির (১৮)।
এছাড়া মাসিলা ও পাঁচপীরতলা বিওপির পৃথক অভিযানে ২৫ বোতল বিদেশি মদ এবং ২১৯ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দ করা রৌপ্য, বিদেশি মদ ও নেশাজাতীয় সিরাপের মোট সিজার মূল্য ৪৩ লাখ ২৫ হাজার ৭৮০ টাকা।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকসহ আটক তিনজনকে শার্শা থানায় এবং রৌপ্যসহ আটক ব্যক্তিকে যশোর কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে। জব্দকৃত রৌপ্য যশোর ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান (পিএসসি) বলেন, সীমান্ত এলাকায় স্বর্ণ, রৌপ্য ও মাদক পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। পাচার প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।