আহবান নিউজ :
যশোরের কেশবপুরে ইমরান হোসেন (২৫) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১১ জুন) উপজেলার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আলতাপোল শান্তিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইমরান হোসেন আলতাপোল শান্তিপাড়া গ্রামের আসলাম খার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইমরান দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। রোগের তীব্রতা বেড়ে গেলে তিনি অস্বাভাবিক আচরণ করতেন। বুধবার সারাদিনও তিনি অস্বাভাবিক আচরণ করেন। পরিবারের অন্য সদস্যরা বাড়িতে না থাকায় তিনি একাই ছিলেন।
বৃহস্পতিবার দুপুর প্রায় ২টার দিকে পরিবারের সদস্যরা ঘরে প্রবেশ করে দেখতে পান, ইমরান ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নিয়েছেন। পরে তাকে নামিয়ে রাখা হয় এবং বিষয়টি পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের কাজ শুরু করে।
কেশবপুর থানা পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।