
আহবান নিউজ :
যশোর ক্যান্টনমেন্ট নিয়ন্ত্রিত বিনোদিয়া ফ্যামিলি পার্কের বিষপান করে জাহাঙ্গীর হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ী আত্মহত্যা করেছে। রোববার (৭ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।
মৃত জাহাঙ্গীর হোসেন মনিরামপুর উপজেলার ব্রাহ্মণডাঙ্গা গ্রামের মৃত হারুন অর রশিদের ছেলে। তিনি পেশায় শাড়ি ও কাপড় ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও পার্ক সূত্রে জানা যায়, রোববার দুপুর ২টার দিকে টিকিট কেটে বিনোদিয়া ফ্যামিলি পার্কে প্রবেশ করেন জাহাঙ্গীর। পরে দুপুর আড়াইটার দিকে পার্কের শাপলা চত্বরে তিনি বিষপান করেন। বিষপানের পর অসুস্থ হয়ে চিৎকার করলে পার্কের দায়িত্বপ্রাপ্তরা বিষয়টি লক্ষ্য করেন। তাৎক্ষণিকভাবে তাকে একটি অটোরিকশাযোগে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
দুপুর ৩টার দিকে হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় বিকেল পৌনে চারটার দিকে ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন মারা যান।
পরিবারের সদস্যরা জানিয়েছেন,রোববার সকালে তিনি কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে যশোর শহরে আসেন। তাদের ধারণা, ব্যবসায়িক দেনার চাপে তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন। জাহাঙ্গীরের শাড়ি ও কাপড়ের ব্যবসা ছিল এবং সাম্প্রতিক সময়ে তিনি আর্থিক সংকটে ছিলেন বলে পরিবারের দাবি।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ জানায়, ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।