আহ্বান নিউজ:
যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ১২৭ দশমিক ৫ লিটার রেক্টিফাইড স্পিরিট, ১৮ পিস ইয়াবা ও ৮৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুটি মামলা দায়ের এবং দুই মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) যশোর সদর ও কেশবপুর উপজেলায় এসব অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, দুপুরে যশোর শহরের পূর্ব বারান্দী নাথপাড়ায় অভিযান চালিয়ে মতিয়ার রহমান (৪৫) নামের এক ব্যক্তির বাড়ি থেকে ৩৭৫ বোতল বা ৩৭ দশমিক ৫ লিটার রেক্টিফাইড স্পিরিট এবং ৯০ লিটার খোলা স্পিরিট উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
অন্যদিকে, দুপুর ১২টার দিকে কেশবপুর উপজেলার চিংড়া এলাকায় অভিযান চালিয়ে সাজেদা বেগম (৪৫) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর বাড়ি থেকে ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তাঁর স্বামী জসো মোড়ল পালিয়ে যান। এ ঘটনায় তাঁদের দুজনের বিরুদ্ধে কেশবপুর থানায় মামলা করা হয়েছে।
এ ছাড়া বিকেলে কোতোয়ালি থানার তরফদার নওয়াপাড়া এলাকায় পৃথক দুটি অভিযান চালানো হয়। বিকেল সাড়ে ৩টার দিকে মনিরুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তির কাছ থেকে ১৮ পিস ইয়াবা এবং বিকেল ৪টার দিকে আজিজুল ইসলাম (৩৭) নামের অপর এক ব্যক্তির কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশাল কুমার জাজোদিয়া ও মো. তাওমীদ হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মনিরুল ইসলাম ও আজিজুল ইসলামকে পৃথকভাবে ২০০ টাকা অর্থদণ্ড ও ৩০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক রাফিজা খাতুন ও শাহরিয়ার হোসেন পৃথক অভিযানে নেতৃত্ব দেন এবং সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন।