
আহ্বান নিউজ:
যশোর শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি মিষ্টির দোকানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকালে পালবাড়ি মোড়ের শাহ সুইটসকে ১০ হাজার এবং দুপুরে নিউমার্কেটের অর্পণ ঘোষ ডেয়ারিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিম বিনতে মুস্তাফিজের নেতৃত্বে সকালে পালবাড়ি মোড়ের শাহ সুইটসে অভিযান চালানো হয়। মিষ্টির উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করা এবং ওজন ও পরিমাপে অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) পরিদর্শক মো. সাব্বির আহমেদ। এ সময় মিষ্টির উৎপাদন ও মেয়াদের তারিখ এবং ওজনের পরিমাণ যথাযথভাবে উল্লেখ করার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারীকে সতর্ক করা হয়।
অন্যদিকে, দুপুরে নিউমার্কেটের অর্পণ ঘোষ ডেয়ারিতে অভিযান চালিয়ে বিএসটিআইয়ের অনুমোদিত লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত ও বিএসটিআইয়ের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিএসটিআইয়ের পরিদর্শক রাকিব ইসলাম উপস্থিত ছিলেন।
ভোক্তা স্বার্থ সংরক্ষণ ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে
জানানো হয়েছে ভ্রাম্যমান আদালতের পক্ষ থেকে