
আহ্বান নিউজ:
যশোর সদর উপজেলার ইছালী এলাকায় মৎস্য খামারে মাছ ধরাকে কেন্দ্র করে আরিফুল ইসলাম (৩৫) নামে এক যুবককে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে। এতে তিনি আহত হয়েছেন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন। তাঁর অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
আহত আরিফুল ইসলাম যশোর সদর উপজেলার ৫ নম্বর ওয়ার্ডের যত রহিমপুর গ্রামের ইনছার আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইছালী এলাকায় তরুণদের বাড়ির পাশের একটি মৎস্য খামারে মাছ ধরাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তরুণ (২০), তন্ময় (২৬) ও তাঁদের বাবা তরিকুল (৪৫) দেশীয় অস্ত্র দিয়ে আরিফুলকে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে।
পরে স্থানীয় লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আহত আরিফুলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
অভিযুক্তরা যশোর সদর উপজেলার ইছালী গ্রামের বাসিন্দা।