
আহ্বান ডেস্ক:
যশোরে বিমানবাহিনীর সদস্যের ভুয়া পরিচয়পত্র দেখিয়ে বিএএফ মিউজিয়াম এক্সটেনশনে প্রবেশের চেষ্টার অভিযোগে এক যুবক ও তাঁর স্ত্রীকে আটক করা হয়েছে।
আটক দুজন হলেন নড়াইলের সিফাত আল মামুন (২২) ও তাঁর স্ত্রী আমেনা খাতুন (১৫)। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে যশোরের বিএএফ মিউজিয়াম এক্সটেনশনে প্রবেশের সময় তাঁদের সন্দেহ হয়। পরে দায়িত্বপ্রাপ্ত সদস্যরা তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিয়ে যান।
জিজ্ঞাসাবাদে সিফাত আল মামুন ভুয়া পরিচয়পত্রটি তিনি নিজেই তৈরি করেছেন বলে স্বীকার করেন। তিনি জানান, আমেনা খাতুনকে বিয়ে করার উদ্দেশ্যে ওই পরিচয়পত্র ব্যবহার করছিলেন।
পরে বিষয়টি যশোর কোতোয়ালি থানা-পুলিশকে জানানো হলে রাত সাড়ে ৮টার দিকে পুলিশ তাঁদের হেফাজতে নেয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ প্রসঙ্গে যশোর কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেন বলেন ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।