
আহবান নিউজ :
যশোরের চুরামনকাটি বাজার ইউনিয়ন পরিষদের সামনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলায় দুই যুবক আহত হয়েছেন। বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, ছাতিয়ানতলা গ্রামের মমিনুর রহমানের ছেলে আবিদ হাসান (২৫) এবং বিজয়নগর এলাকার আখতারুজ্জামানের ছেলে বাঁধন (১৮)। তারা দুজনই বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, চুরামনকাটি বাজার ইউনিয়ন পরিষদের সামনে রাস্তা দিয়ে যাওয়াকে কেন্দ্র করে ছাতিয়ানতলা গ্রামের ইমরান, সুজন, সাইদুরসহ ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তির সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অভিযুক্তরা পাইপ ও হাতুড়ি দিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে দুইজন গুরুতর আহত হন।
পরে স্বজনরা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।