আহবান নিউজ :
খুলনার দিঘলিয়ায় ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহতের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে ঘাতক ট্রাকের চালক তরিকুল ইসলাম (৪৬)কে গ্রেপ্তার করেছে র্যাব-৬।
র্যাব জানায়, বুধবার রাতে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নলডাঙা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গত ৩১ জুলাই রাতে দিঘলিয়ার ডোমরা দক্ষিণ এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফারজানা খাতুন (২২), তার বোন রুবিয়া খাতুন (১৬) ও শিশু মায়মুনা (২) ঘটনাস্থলেই নিহত হন। আহত মোটরসাইকেল চালক সিহাব শেখকে হাসপাতালে ভর্তি করা হয়।
দুর্ঘটনার পর ট্রাকচালক ও হেলপার পালিয়ে গেলে বিক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন দেয়। পরে পুলিশ আগুন নিয়ন্ত্রণে এনে ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে। গ্রেপ্তার ট্রাকচালককে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।