আহবান নিউজ :
যশোরের শার্শা উপজেলার ফুলসর মোড় এলাকায় একটি মুদি দোকান থেকে টাকা চুরি এবং দোকান মালিকের ছয় বছর বয়সী কন্যার সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগে ষষ্ঠ শ্রেণির এক নাবালককে আটক করেছে পুলিশ।
অভিযোগ অনুযায়ী, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে স্কুল ড্রেস পরিহিত ১১ বছর বয়সী ওই শিক্ষার্থী দোকানে প্রবেশ করে। পরে দোকান মালিক সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযোগের বিষয়টি জানতে পারেন এবং স্থানীয়দের অবহিত করেন।
বৃহস্পতিবার দুপুরে অভিযুক্ত কিশোরটি পুনরায় ওই এলাকায় এলে স্থানীয়রা তাকে শনাক্ত করে আটক করেন। এ সময় উত্তেজিত জনতা তাকে মারধর করেছে বলেও জানা গেছে।
খবর পেয়ে শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নাবালককে নিজেদের হেফাজতে নেয়। পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। যেহেতু অভিযুক্ত একজন নাবালক, তাই আইনগত কারণে তার পরিচয় প্রকাশ করা হলো না।