
আহবান নিউজ :
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সামনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তর্ক-বিতর্কের জেরে মারামারির ঘটনায় এক ইজিবাইক চালক রক্তাক্ত জখম হয়েছেন।
সোমবার (২০ জুলাই) বেলা পৌনে বারোটার দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে। আহত মো. ওয়াশকুরুনী যশোর সদর উপজেলার এনায়েতপুর গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, ওয়াশকুরুনী একজন রোগীকে ইজিবাইকে করে হাসপাতালে নিয়ে আসেন। রোগীকে জরুরি বিভাগের সামনে নামিয়ে হাসপাতালের গেট দিয়ে বের হওয়ার সময় যানজটের কারণে পাশের একটি পান দোকানের সামনে কিছুক্ষণ অপেক্ষা করছিলেন। এ সময় ইজিবাইকটি সরিয়ে নিতে বলাকে কেন্দ্র করে দোকানদার মো. রাজ্জাক (৩০)-এর সঙ্গে তার কথাকাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হলে পান দোকানদার রাজ্জাক ওয়াশকুরুনীকে শারীরিকভাবে আঘাত করেন। এতে তিনি রক্তাক্ত জখম হন। ঘটনার পর অভিযুক্ত রাজ্জাক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরে স্থানীয় লোকজন আহত ওয়াশকুরুনীকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনি চিকিৎসাধীন রয়েছেন।