
আহবান নিউজ :
যশোরের মণিরামপুর উপজেলার কামিনীডাঙ্গা গ্রামে এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে।
মৃত সুধা রানী (৭৫) উপজেলার কামিনীডাঙ্গা গ্রামের মৃত সুনিল রায়ের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে খাবার শেষে তিনি নিজের কক্ষে ঘুমাতে যান। ভোরে পাশের বাড়ির এক নারী জ্বালানি রাখার ঘরে বাঁশের আড়ার সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান। পরে পরিবারের সদস্যরা তাকে নামিয়ে দেখেন তিনি মারা গেছেন।
স্থানীয়ভাবে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে ছেলের বউয়ের সঙ্গে তার বিরোধ ছিল। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া গ্রহণের পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে।