
আহ্বান প্রতিবেদক :
যশোরের মণিরামপুর উপজেলায় সুকলাল বিশ্বাস (৬৫) নামে এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রোববার (১২ অক্টোবর) সকাল ৯টা থেকে সাড়ে ১১টার মধ্যে যেকোনো একসময় উপজেলার কুচলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ শারীরিক জ্বালা-যন্ত্রণাজনিত সমস্যায় ভুগছিলেন সুকলাল বিশ্বাস। সকাল ৯টার দিকে তিনি বাইরে থেকে বাড়িতে ফেরেন। পরে পরিবারের সদস্যরা নিজেদের কাজে ব্যস্ত থাকেন। বেলা সাড়ে ১১টার দিকে স্ত্রী তাকে বাড়িতে না দেখে খুঁজতে গিয়ে দেখেন,বাড়ির সামনে পুরাতন ঘরের বাঁশের আড়ায় নেটের রশি দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছেন সুকলাল বিশ্বাস।
স্ত্রীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে রশি কেটে নামায়, তবে ততক্ষণে তার মৃত্যু হয়। খবর পেয়ে মণিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে হাসপাতাল মর্গে মরদেহ পাঠিয়েছেন।