আহ্বান নিউজ:
যশোরের চৌগাছায় মেয়ের বাড়িতে বেড়াতে গিয়ে জামাতার মারধরে মোতলেব হোসেন (৬০) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত মোতালেব উপজেলার ইলিশমারী গ্রামের মৃত আলফাজ উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে,সকালে মেয়েকে বাড়িতে নিয়ে আসতে জামাইবাড়ি নারায়ণপুর গ্রামে যান মোতালেব। এ সময় তাঁর সঙ্গে মেয়ের জামাই আনোয়ার হোসেনের (৩৫) কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আনোয়ার মেহগনি গাছের ডাল দিয়ে মোতালেবের মাথায় আঘাত করেন। এতে তাঁর মাথায় কাটা জখম হয়।
পরে স্বজনেরা তাঁকে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।