
আহ্বান নিউজ:
যশোর-বেনাপোল মহাসড়কের আফিল জুট মিলের সামনে থেকে ২৪ লাখ টাকার বেশি মূল্যের একটি স্বর্ণের বারসহ জালাল উদ্দিন শেখ (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
আটক জালাল উদ্দিন শেখের বাড়ি পিরোজপুরের জিয়াপুর (জিয়ানগর) থানার চর বারইখালী গ্রামে। তাঁর বাবার নাম মৃত কাসেম আলী শেখ।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ আভিযানিক দল যশোর-বেনাপোল মহাসড়কের আফিল জুট মিলের সামনে অভিযান চালায়।এ সময় জালাল উদ্দিনকে আটক করে তাঁর শরীরে বিশেষভাবে লুকানো ১১৬ দশমিক ৬৫ গ্রাম ওজনের একটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ছাড়া তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ২৪০ টাকা জব্দ করা হয়।
বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানিয়েছেন, ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে তিনি সোনার বারটি নিয়ে যাচ্ছিলেন।
উদ্ধার করা স্বর্ণের বারের মূল্য ২৪ লাখ ৪২ হাজার ৬৭ টাকা, মোবাইল ফোনের মূল্য ২০ হাজার টাকা এবং নগদ টাকাসহ জব্দ করা মালামালের মোট মূল্য ২৪ লাখ ৬৫ হাজার ৩০৭ টাকা।
আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের পর তাঁকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।