
আহ্বান নিউজ:
যশোরে জমি কেনাবেচার লেনদেনে ১০ লাখ টাকা ফেরত না দিয়ে উল্টো হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ উঠেছে মফিজুর রহমানের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নুরুল আমিন যশোর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে জানা যায়, বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বড় জামুয়া গ্রামের নুরুল আমিন মফিজুর রহমানের মাধ্যমে যশোর শহরের বারান্দীপাড়া মৌজায় ৩৭ শতক জমি কেনার চুক্তি করেন। জমির মূল্য নির্ধারণ করা হয় ৫০ লাখ টাকা। ২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত বিভিন্ন সময়ে মফিজুর রহমানকে মোট ৪৩ লাখ টাকা দেওয়ার দাবি করেন নুরুল আমিন। এ লেনদেনের হিসাব মফিজুরের ম্যানেজার বাবলুর ডায়েরিতে লেখা রয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
নুরুল আমিনের অভিযোগ, জমির একটি অংশ বিক্রি করে এবং অপর অংশের জমি বিক্রির অর্থ থেকে তাঁকে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও শেষ পর্যন্ত ১০ লাখ টাকা বকেয়া রাখা হয়। পাওনা টাকা চাইলে মফিজুর রহমান তা ফেরত দিতে অস্বীকৃতি জানান এবং হুমকি-ধমকি দেন।
এ ঘটনায় পাওনা টাকা ফেরত ও নিরাপত্তা চেয়ে নুরুল আমিন কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।