
আহ্বান নিউজ:
যশোরের বেনাপোল, চৌগাছা ও মণিরামপুরে পৃথক ঘটনায় এক প্রকৌশলীসহ পাঁচজন আহত হয়েছেন। রোববার রাত ও সোমবার (১২ অক্টোবর) সকালে এসব ঘটনা ঘটে।
বেনাপোলে লোহার রড দিয়ে হামলা চালিয়ে মেহেদী হাসান জোয়ার্দার নামে স্থলবন্দরের এক উপসহকারী প্রকৌশলীকে আহত করা হয়েছে। রোববার রাত পৌনে ১২টার দিকে বলফিল্ডের উত্তর পাশের একটি মোড়ে এ ঘটনা ঘটে। তিনি শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
চৌগাছার পাশাপোল গ্রামে গাছ কাটা নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীদের মারধরে আহত হয়েছেন লিংকন (২১) ও তাঁর বাবা আব্দুল ওয়াদুদ (৪০)। সোমবার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। তাঁরা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
অন্যদিকে, মণিরামপুরের শ্যামকুড় মাঠে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে কামরুজ্জামান (৫০) নামে এক ব্যক্তিকে দা ও চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে তাঁর ভাগনে মাসুম হোসেন (৩৩) ও হাসিব আলীর (২০) বিরুদ্ধে। সোমবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত কামরুজ্জামান যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।
পৃথক ঘটনাগুলোতে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।