
আহ্বান নিউজ:
যশোর সীমান্তে অভিযান চালিয়ে ১২ লাখ ১৮ হাজার ৩০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, কম্বল, থ্রিপিস, শালচাদর, ওষুধ ও প্রসাধনসামগ্রীসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৯ অক্টোবর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধীনস্থ বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব পণ্য আটক করে।
আটক পণ্যের মধ্যে রয়েছে ৮৪টি ভারতীয় শাড়ি, তিনটি কম্বল, পাঁচটি থ্রিপিস, নয়টি শালচাদর, পাঁচ প্যাকেট ফুচকা, ৫৫৭টি ওষুধ এবং ২০১টি প্রসাধনসামগ্রী। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ১৮ হাজার ৩০০ টাকা।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্যসহ পাচার চক্রের সদস্যদের আটক করতে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে।