
আহ্বান নিউজ:
যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৬ লাখ ১৮ হাজার ৩০০ টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীন বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য আটক করে।
আটক পণ্যের মধ্যে রয়েছে ৭২টি শাড়ি, একটি কম্বল, পাঁচটি চাদর, তিনটি ওয়ান পিস, চার প্যাকেট ফুসকা, দুই প্যাকেট সনপাপড়ি ও ৩৮৯টি কসমেটিকস সামগ্রী। এসব পণ্যের আনুমানিক মূল্য ৬ লাখ ১৮ হাজার ৩০০ টাকা।
৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচারকারী চক্রের বিরুদ্ধে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে।
তিনি আরও জানান, সীমান্তে চোরাচালানবিরোধী বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।