
আহ্বান নিউজ:
যশোরে পৃথক ঘটনায় দুইজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) শার্শায় পিকআপ ভ্যানের ধাক্কায় এক হেলপার এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। একই দিন শহরে রিকশা থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন এক আনসার সদস্য। এর আগে সোমবার মনিরামপুরে বিষপানে এক কিশোরের মৃত্যু হয়।
শার্শার নাভারন-সাতক্ষীরা মহাসড়কের খাজুরা মসজিদের সামনে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায় একটি পিকআপ ভ্যান। এতে হেলপার আরিফ হোসেন (৩০) গুরুতর আহত হন। পরে তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরিফ বগুড়ার শেরপুর উপজেলার নওয়াপাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
সকাল ১১টার দিকে শার্শার চটকাপোতা গ্রামে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুস্তাকিন হোসেন (৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়। স্কুল থেকে বাড়ি ফিরে পানি নিতে মোটরের সুইচ দেওয়ার সময় এ ঘটনা ঘটে। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুপুর সাড়ে ১২টার দিকে যশোর শহরের জেস টাওয়ারের সামনে রিকশা থেকে পড়ে আনসার সদস্য পরিতোষ কুমার শিকদার (৩০) গুরুতর আহত হন। তিনি ঝুমঝুমপুর বিসিক এলাকায় ওজোপাডিকোর সেন্টারে কর্মরত। সহকর্মীরা তাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
অন্যদিকে সোমবার সকালে মনিরামপুরের দিঘিরপাড় এলাকায় পারিবারিক কলহের জেরে গ্যাস ট্যাবলেট সেবন করে ফাহিম (১৬) অসুস্থ হয়ে পড়ে। পরে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়। ফাহিম মৃত জাকারিয়ার ছেলে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।