
আহ্বান নিউজ:
যশোর শহরের দড়াটানা মোড়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইট দিয়ে মাথায় আঘাত করে দিরাজ (২৫) নামে এক রিকশাচালককে আহত করার অভিযোগ উঠেছে।
সোমবার (৫ অক্টোবর) রাত ৮টার দিকে দড়াটানা মোড়ে এ ঘটনা ঘটে। আহত দিরাজ মনিরামপুর উপজেলার দেবিদশপুর গ্রামের ইব্রাহিমের ছেলে। বর্তমানে তিনি যশোর শহরের উপশহর বাদশা ফয়সাল স্কুলের পাশের সরকারি জমিতে বসবাস করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দিরাজ রিকশা চালিয়ে দড়াটানা মোড়ে আসার সময় এক অজ্ঞাতনামা বাইসাইকেল চালকের সঙ্গে তাঁর রিকশার সামান্য ধাক্কা লাগে। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই ব্যক্তি পাশে থাকা একটি ইট তুলে দিরাজের মাথায় সজোরে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি রয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।