
আহ্বান নিউজ:
যশোরে এসির তামার তারসহ বিভিন্ন সরঞ্জাম চুরি ঠেকাতে ভাঙারি ব্যবসায়ী সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় করেছে পুলিশ। গত বুধবার রাতে কোতোয়ালি মডেল থানার সেমিনার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, সম্প্রতি এসির তামার তারসহ বিভিন্ন মূল্যবান সরঞ্জাম চুরির ঘটনা বেড়েছে। চুরি করা এসব মালামাল চক্রটি ভাঙারি দোকানে বিক্রি করে থাকে। তাই ব্যবসায়ীরা চোরাই বা সন্দেহজনক মালামাল কেনাবেচা থেকে বিরত থাকলে এ ধরনের অপরাধ কমানো সম্ভব হবে।
কেউ চোরাই তার বা সন্দেহজনক কোনো মালামাল বিক্রি করতে এলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর আহ্বান জানান ওসি। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছাবে বলেও তিনি জানান।
সভায় ভাঙারি ব্যবসায়ী সমিতির সভাপতি কিবরিয়া ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবীব উপস্থিত ছিলেন। সমিতির নেতাদের মাধ্যমে এ বিষয়ে সব ভাঙারি ব্যবসায়ীকে সতর্ক করার আহ্বান জানান ওসি কবির হোসেন।