
আহ্বান ডেস্ক:
ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে আগামী মাঘী পূর্ণিমার আগেই কার্যকর টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) বা জোয়ারাধার চালুসহ দ্রুত পানি নিষ্কাশনের দাবি জানিয়েছে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) যশোর শহরের নীলরতন ধর রোডে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের অন্যতম নেতা শেখর বিশ্বাস। এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত আহ্বায়ক গাজী আবদুল হামিদ।
লিখিত বক্তব্যে বলা হয়, গত জুলাইয়ের বৃষ্টিতে ভবদহ অঞ্চলের অভয়নগর, মণিরামপুর, কেশবপুরের একাংশ, ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার দুই শতাধিক গ্রাম প্লাবিত হয়। ফসলের জমি, বাড়িঘর, রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, শ্মশান ও কবরস্থান পানিতে তলিয়ে রয়েছে। তিন মাস ধরে লক্ষাধিক মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন। পানি কিছুটা কমলেও বৃষ্টির আশঙ্কা থাকায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে বলে দাবি করেন তারা।
সংগঠনটি জানায়, দীর্ঘ আন্দোলনের পর টিআরএম চালু, আমডাঙ্গা খাল সংস্কার ও নদী সংস্কারের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে আইডব্লিউএমকে টিআরএম, নদী সংস্কার ও স্থায়ী সমাধানের জন্য প্রস্তাবনা তৈরির দায়িত্ব দেওয়া হয়। বর্তমানে সেনাবাহিনীর মাধ্যমে প্রায় ১৪০ কোটি টাকা ব্যয়ে ৮১ কিলোমিটার নদী সংস্কারের কাজ চলছে। তবে টিআরএম চালুর সিদ্ধান্ত এখনো চূড়ান্ত না হওয়া এবং আমডাঙ্গা খাল সংস্কারের জন্য জমি অধিগ্রহণের কার্যক্রম আটকে থাকায় উদ্বেগ প্রকাশ করেন তারা।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, নদী সংস্কারের পাশাপাশি টিআরএম চালু করা না হলে নদী দ্রুত আবার ভরাট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই আগামী মাঘী পূর্ণিমার আগেই আইডব্লিউএমের প্রস্তাবিত কোনো একটি বিলে টিআরএম চালুর দাবি জানান তারা।
এ ছাড়া ভবদহের পানি দ্রুত নিষ্কাশনের জন্য আমডাঙ্গা খালের বিস্তৃত পুনঃখনন ও প্রশস্তকরণ, নদী-খাল থেকে কচুরিপানা, নেট-পাটা ও কৃত্রিম বাঁধ অপসারণ এবং ২০১৬ সালের ৫ অক্টোবরের হামলার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানানো হয়।
সংগঠনের পক্ষ থেকে আরও বলা হয়, পানি দ্রুত নিষ্কাশনের স্বার্থে পাচাকড়ি-রাজবংশীপাড়া, টেকা বেইলি ব্রিজ ও মূল টেকা ব্রিজের নিচের বাঁধ অপসারণ, ভবদহের ২১ ও ৯ গেটের প্রতিবন্ধকতা দূর করা, কপালিয়া ও শোলগাতি ব্রিজের নিচের প্রতিবন্ধকতা অপসারণ এবং টেকা ব্রিজ থেকে প্রায় চার কিলোমিটার অংশে ভাসমান স্কেভেটর দিয়ে খননকাজ দ্রুত সম্পন্ন করতে হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৫ অক্টোবর ‘ভবদহ দিবস’ উপলক্ষে বিকেল ৩টায় অভয়নগর উপজেলা পরিষদের সামনে থেকে আমডাঙ্গা খাল পর্যন্ত পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির উপদেষ্টা তসলিম-উর-রহমান, সদস্য শিবপদ বিশ্বাস, সুকেন্দু বিশ্বাস, রাজু আহম্মেদ, বাসন্তী মণ্ডল, সনঞ্জয় বৈরাগী, ভগিরত হালদার, আনন্দ বাবু, আব্দুর রওফ বিশ্বাস, মিরান তরফদার, আলমগীর হোসেন, আনিচুর রহমান ও সতীশ মল্লিকসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।