
আহবান নিউজ :
যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে চলমান এইচএসসি পরীক্ষায় রোববার (২ আগস্ট) পাঁচটি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এসব পরীক্ষায় মোট ৩৬ হাজার ৩৯১ জন পরীক্ষার্থী অংশ নিলেও অনুপস্থিত ছিলেন ১ হাজার ২৬৬ জন।
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. হোসেন আলী জানান, সকালে উচ্চতর গণিত (প্রথম পত্র) ও ইসলাম শিক্ষা (প্রথম পত্র) এবং বিকেলে গার্হস্থ্য বিজ্ঞান (প্রথম পত্র), সংস্কৃত (প্রথম পত্র) ও লঘু সংগীত তত্ত্বীয় (প্রথম পত্র) বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
তিনি জানান, সকালের পরীক্ষায় খুলনা বিভাগে অনুপস্থিত ছিলেন খুলনায় ২৫৯, বাগেরহাটে ১০০, সাতক্ষীরায় ৯৭, কুষ্টিয়ায় ১৪৬, চুয়াডাঙ্গায় ৭১, মেহেরপুরে ১৭, যশোরে ১৫৩, নড়াইলে ৪৮, ঝিনাইদহে ১১৩ এবং মাগুরায় ৮২ জন পরীক্ষার্থী।
অন্যদিকে বিকেলের পরীক্ষায় খুলনায় ৪৭, বাগেরহাটে ২৮, সাতক্ষীরায় ১০, কুষ্টিয়ায় ১০, চুয়াডাঙ্গায় ৪, মেহেরপুরে ৬, যশোরে ১৪, নড়াইলে ১১, ঝিনাইদহে ২৩ এবং মাগুরায় ২৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে শিক্ষা বোর্ড জানিয়েছে।