
আহ্ান নিউজ :
যশোরের চৌগাছা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌগাছা উপজেলা শাখার উদ্যোগে রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ জুলাই) বিকেল ৪টা থেকে ৫টা ৫০ মিনিট পর্যন্ত চৌগাছা কামিল মাদ্রাসা মিলনায়তনে শান্তিপূর্ণ পরিবেশে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোর্শেদের সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে প্রায় ২৩০ জন রুকন অংশগ্রহণ করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতে ইসলামীর আমীর ও যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল। বিশেষ অতিথি ছিলেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন।
এছাড়া সাবেক উপজেলা আমীর হাফেজ আমিন উদ্দিন, উপজেলা সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান, সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ, পৌর আমীর মাওলানা আব্দুল খালেক, পৌর সেক্রেটারি ডা. জিল্লুর রহমান, পাশাপোল ইউনিয়ন আমীর মাস্টার কবির উদ্দিন, ফুলসারা ইউনিয়ন আমীর শরিফুল ইসলাম, সহকারী সেক্রেটারি রাহিদুল ইসলাম খান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি তুহিনুর রহমান, শুরা সদস্য মাওলানা শামসুর রহমান, আব্দুল লতিফসহ উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, একজন রুকনের প্রধান দায়িত্ব হলো আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে নিজেকে আদর্শ চরিত্রে গড়ে তোলা এবং ন্যায়, ইনসাফ ও মানবকল্যাণভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করা। তারা সততা, শৃঙ্খলা, ঐক্য ও ত্যাগের মানসিকতা ধারণ করে জনগণের পাশে থাকার আহ্বান জানান।
সম্মেলনে আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করার বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার এবং দেশ ও জাতির কল্যাণে সাংগঠনিক দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান বক্তারা।