
আহবান নিউজ :
যশোরে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের বিশেষ অভিযানে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশ জানায়, বুধবার (১৫ জুলাই) রাত ১১টা ৪৫ মিনিটে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এসআই (নিঃ) মো. জয়নুল আবেদীনের নেতৃত্বে একটি দল কোতোয়ালি মডেল থানার আরবপুর ইউনিয়নের ধর্মতলা বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে ইমদাদুল হক জিসান (২৪) ও তৌহিদুজ্জামান রাসেল (২৪) নামে দুইজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের তল্লাশি করে তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পুলিশের দাবি, জব্দ করা মোবাইল ফোনে বাংলাদেশে অবৈধ ঘোষিত বিভিন্ন অনলাইন বেটিং ও জুয়ার সাইটের মাধ্যমে অর্থ লেনদেন ও জুয়া পরিচালনার তথ্য-প্রমাণ পাওয়া গেছে। অভিযানে একটি সুজুকি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
আটক ইমদাদুল হক জিসান শার্শা উপজেলার গোকর্ণ গ্রামের হাফিজুর রহমানের ছেলে এবং তৌহিদুজ্জামান রাসেল ট্যাংরালী গ্রামের শরিফুলের ছেলে।
পুলিশ জানায়, আটক দুই আসামিকে বৃহস্পতিবার (১৬ জুলাই) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।