
আহবান নিউজ :
যশোর জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে ১১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এ সময় ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
রোববার (৫ জুলাই) জেলা স্বাস্থ্য বিভাগের ডেঙ্গু পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ১৭ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে অভয়নগর উপজেলায় ১৪ জন এবং বাঘারপাড়া উপজেলায় ৩ জন চিকিৎসাধীন আছেন। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, চৌগাছা, ঝিকরগাছা, কেশবপুর, মনিরামপুর ও শার্শা উপজেলায় বর্তমানে কোনো ডেঙ্গু রোগী ভর্তি নেই।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ জুলাই পর্যন্ত জেলায় মোট ১৬২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ১৪৪ জন সুস্থ হয়েছেন এবং একজনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হয়েছে। এ পর্যন্ত জেলায় ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।