
আহবান নিউজ :
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনা, অপপ্রচার এবং শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল।
মঙ্গলবার দুপুর ১২টায় যশোর জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় চিত্রা মোড়, দড়াটানা মোড়, গরীব শাহ মোড়সহ বিভিন্ন এলাকা ঘুরে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
মিছিল শেষে জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে যুবদল রাজপথে সোচ্চার রয়েছে। আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা যেখানে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাবে, সেখানেই যুবদল তা প্রতিহত করবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে। প্রতিহিংসা ও সংঘাতপূর্ণ রাজনীতির অবসান ঘটিয়ে জনকল্যাণমুখী, সুষ্ঠু ও পরিশীলিত রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু একটি গোষ্ঠী সেই ধারাকে বাধাগ্রস্ত করতে অপ-রাজনীতির পাঁয়তারা করছে। রাজনীতির নামে কেউ অস্থিতিশীলতা সৃষ্টি করলে যুবদল তার জবাব দিতে প্রস্তুত রয়েছে।
মিছিলে জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল কবির সুমন, যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বাবু, নাজমুল হোসেন বাবুল, নগর যুবদলের সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তানভীর রায়হান তুহিন, আবুল কালাম আজাদসহ জেলা ও উপজেলা যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।