আহবান নিউজ :
যশোরের বেনাপোলে অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল, একটি কার্গো ট্রাক এবং তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২২ জুন) গভীর রাতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি টহলদল বেনাপোল বিওপির সামনে বাহাদুরপুর পাকা সড়কে এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, উপ-অধিনায়ক মেজর ইব্রাহিম আব্দুল্লাহ আসাদের নেতৃত্বে পরিচালিত অভিযানে ঢাকা মেট্রো-ট ২৪-৫৬২১ নম্বরের একটি কার্গো ট্রাক তল্লাশি করে ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল জব্দ করা হয়। এ সময় ট্রাকে থাকা শ্রী ইন্দ্রজিৎ মুখার্জী (৩৮), মো. মহসিন আলী (৩৪) ও মো. জাহিদ হাসান (২১)কে আটক করা হয়।
বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত ভারতীয় মালামালের সঠিক হিসাব ও বাজারমূল্য নির্ধারণের কার্যক্রম চলমান রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মালামালগুলো অবৈধভাবে সীমান্ত এলাকা দিয়ে পরিবহন করা হচ্ছিল।
আটককৃত মালামাল, কার্গো ট্রাক এবং তিন আসামিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।