
আহবান নিউজ :
সীমান্ত পরিদর্শন শেষে ফেরার পথে বেনাপোল চেকপোস্ট মোড়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর গাড়িতে ইট নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য খালিদ সাইফুল্লাহ জুয়েল।
গত কয়েক দিন ধরে ভারতীয় বিএসএফ কর্তৃক পুশইন চেষ্টার প্রতিবাদে আজ দুপুরে বেনাপোলের সাদিপুর সীমান্ত এলাকা পরিদর্শনে যান তিনি। সেখান থেকে ফেরার পথে বেনাপোল চেকপোস্ট মোড়ে পৌঁছালে বিএনপির নেতাকর্মীরা গাড়িবহরে হামলা চালায়। এতে নাসির উদ্দিন পাটোয়ারীকে বহনকারী গাড়িটির কাচ ভেঙে যায়। এছাড়া পিছনের একটি গাড়ি থেকে ছাত্রশক্তির দুই নেতাকে নামিয়ে মারপিট করা হয়। এ ঘটনার তীব্র নিন্দা জানান তিনি।
তিনি আরো জানান, তারা দ্রুত নাসির উদ্দিন পাটোয়ারীকে নিয়ে যশোর ফেরেন এবং তিনি ঢাকার উদ্দেশে রওয়ানা হয়ে গেছেন।
তবে এ ধরণের কোন হামলা ঘটেনি বলে জানিয়েছেন বেনাপোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন। ওসি দাবি করেন এনসিপি নেতাদের অভিযোগ মিথ্যা।