
আহবান নিউজ :
যশোরের শার্শা উপজেলার বেনাপোল কাস্টমস হাউসের নিলাম শাখার গুদাম থেকে ত্রাণ ভাণ্ডারে পাঠানোর নির্ধারিত পণ্যের বাইরে অতিরিক্ত মালামাল পরিবহনের অভিযোগে দুই সহকারী রাজস্ব কর্মকর্তা ও তিন সিপাইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃতরা হলেন সহকারী রাজস্ব কর্মকর্তা ইন্দ্রজিৎ মুখার্জী, আরিফুল ইসলাম চৌধুরী এবং সিপাই জামশেদ, সাগর ও হামিদুর রহমান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২১ জুন দিবাগত রাতে কাস্টমসের নিলাম শাখার গুদাম থেকে একটি কাভার্ডভ্যানে মালামাল লোড করার সময় সিসিটিভি ফুটেজে একাধিকবার পণ্য ওঠানো-নামানোর ঘটনা ধরা পড়ে। ফুটেজে সহকারী রাজস্ব কর্মকর্তা আরিফুল ইসলাম চৌধুরী ও সিপাই সাগরের উপস্থিতিও দেখা যায়। প্রাথমিক তদন্তে অবৈধভাবে অতিরিক্ত মালামাল পরিবহনের চেষ্টা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে একই রাতে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে বিজিবি বেনাপোল বাজারের দুর্গাপুর মোড় এলাকা থেকে একটি কাভার্ডভ্যান আটক করে। পরে তল্লাশি চালিয়ে গাড়ি থেকে ৬ হাজার ৮টি শাড়ি, ৬৩টি থ্রি-পিস, ৩৮৬টি কম্বল, ২০৮টি চাদর, ৮টি ওড়না এবং ৩৩ হাজার ২২২টি বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য ২ কোটি ৬৭ লাখ ৬৫ হাজার ৩১০ টাকা।
ঘটনায় সহকারী রাজস্ব কর্মকর্তা ইন্দ্রজিৎ মুখার্জী, কাভার্ডভ্যানের চালক মহসিন আলী ও হেলপার জাহিদ হাসানকে আটক করে বিজিবি। জানা গেছে, ত্রাণ ভাণ্ডারে পাঠানোর জন্য অনুমোদিত পণ্যের তুলনায় গাড়িটিতে অতিরিক্ত মালামাল বহনের চেষ্টা করা হয়েছিল। পণ্য পরিবহনের দায়িত্বে ছিলেন ইন্দ্রজিৎ মুখার্জী।
বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার রাহাত হোসেন বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে জড়িত থাকার অভিযোগে দুই সহকারী রাজস্ব কর্মকর্তা ও তিন সিপাইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।