আহ্বান নিউজ:
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের আওতাধীন যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো অ্যাডহক কমিটি গঠন করা হয়নি, সেসব প্রতিষ্ঠানে আগামী ১০ কার্যদিবসের মধ্যে অ্যাডহক কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে কমিটি গঠনের আবেদন বোর্ডে জমা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর ২০২৬) প্রকাশিত বোর্ডের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ১৬ মার্চ ২০২৬ তারিখের সংশ্লিষ্ট পরিপত্রের নির্দেশনা অনুযায়ী যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো অ্যাডহক কমিটি গঠন করা হয়নি, সেসব প্রতিষ্ঠানের প্রধানকে পরবর্তী ১০ কার্যদিবসের মধ্যে নিয়মিত কমিটি গঠনের লক্ষ্যে অ্যাডহক কমিটি গঠনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
এতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে অ্যাডহক কমিটি গঠনের আবেদন বোর্ডের কাছে দাখিল করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান দায়ী থাকবেন। এ ক্ষেত্রে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো. এনামুল কবীরের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বোর্ডের আওতাধীন সব অনুমোদিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের এ নির্দেশনা অনুসরণের বিষয়টি জানানো হয়েছে।