
আহ্বান নিউজ:
যশোরে অচেতন করে আজমল হোসেন (৬০) নামে এক মিলের ম্যানেজারের কাছ থেকে ছয় লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ২টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আজমল হোসেন যশোর শহরের বারান্দিপাড়া কদমতলা এলাকার মৃত শেখ আব্দুর রহমানের ছেলে। তিনি নীলগঞ্জের সুবল সাহার মিলের ম্যানেজার হিসেবে কর্মরত।
অভিযোগ অনুযায়ী, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে বকেয়া টাকা আদায়ের উদ্দেশ্যে মিল থেকে বের হন আজমল হোসেন। পরে দুপুর ২টার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাঁকে অচেতন করে তাঁর কাছে থাকা আনুমানিক ছয় লাখ টাকা ছিনিয়ে নেয়। এরপর তাঁকে যশোর সদর উপজেলার নতুনহাট এলাকায় যশোর-বেনাপোল মহাসড়কের পাশে ফেলে রেখে যায়।
স্থানীয় লোকজন তাঁকে চিনতে পেরে মিলমালিককে খবর দেন। পরে মিলেরলোকজন ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে বিকেল ৫টার দিকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
বর্তমানে আজমল হোসেন হাসপাতালে পুরুষ মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।