
আহ্বান নিউজ:
যশোরের শার্শায় পুলিশের অভিযানে প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে নগদ ২ লাখ ৭৬ হাজার টাকা ও প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) রাত ১২টা ৫০ মিনিটের দিকে শার্শা থানার এসআই মো. মোস্তাক আহম্মদের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাগুড়ী গ্রামের মাস্টারপাড়ায় আক্কাস আলী মাস্টারের ভাড়া বাড়িতে অভিযান চালায়। বাড়িটির নিচতলার একটি কক্ষ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বালাকান্দা গ্রামের মো. হাবিবুর রহমান (৫০), একই উপজেলার পাঁচ কাহনিয়া গ্রামের মো. বকুল হোসেন (৫০) এবং যশোরের শার্শা উপজেলার রামপুর গোলদারপাড়ার মো. রেজাউল হোসেন (৬০)।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা পরস্পর যোগসাজশে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তাঁদের কাছ থেকে ১ হাজার টাকার ২৭৬টি নোট, তিনটি পুরোনো স্মার্টফোন, ১ হাজার টাকার নোটের আকারের আটটি কাচের টুকরা, দুটি লাল কাপড়, দুটি লাল রঙের কাটিং সুতা এবং একটি পুরোনো নীল রঙের হ্যান্ডব্যাগ উদ্ধার করা হয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, উদ্ধার করা এসব সরঞ্জাম প্রতারণার কৌশল হিসেবে ব্যবহার করা হতো। গ্রেপ্তার ব্যক্তিরা পুনরায় একই ধরনের অপরাধ সংঘটনের প্রস্তুতি নিচ্ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের ১৬ অক্টোবর আদালতে পাঠানো হয়েছে।