
আহ্বান নিউজ:
যশোর সদর উপজেলার রাজারহাট চামড়ার হাট এলাকায় চাঁদা দাবির প্রতিবাদ করায় ইমন (২২) নামে এক যুবককে ছুরিকাঘাতে জখম করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ইমন যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত ইমন যশোর শহরের রামনগর এলাকার রেজাউল ইসলামের ছেলে। রাজারহাট বাজারে তাঁর একটি মোবাইল ফোনের দোকান রয়েছে।
অভিযোগ অনুযায়ী, দোকান থাকার কারণে ইমনের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। তিনি ৩ হাজার ৫০০ টাকা দেওয়ার পর ফেসবুকে পোস্ট করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে আজিজ (৩২) ও জাকির (৫৫) নামের দুই ব্যক্তি ইমনের বুকে ও নিতম্বে ছুরিকাঘাত করে তাঁকে জখম করেন বলে অভিযোগ উঠেছে।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।