আহ্বান নিউজ:
যশোরের চৌগাছায় একটি গোয়ালঘরে অগ্নিকাণ্ডে একটি গরু পুড়ে মারা গেছে। এ ছাড়া প্রায় ৭০টি কবুতর দগ্ধ হয়েছে। এ ঘটনায় আনুমানিক দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
বুধবার (১৪ অক্টোবর) ভোররাত ৩টা থেকে ৫টার মধ্যে উপজেলার চৌগাছা পৌরসভার চাঁদপুর গ্রামে মো. হাসেম আলীর (৬৫) গোয়ালঘরে এ অগ্নিকাণ্ড ঘটে।
খবর পেয়ে চৌগাছা থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের প্রাথমিক তথ্যমতে,গোয়ালঘরে মশার কয়েল রাখার কারণে সেখান থেকে শুকনা খড়িতে আগুনের সূত্রপাত হতে পারে। পরে আগুন গোয়ালঘরে ছড়িয়ে পড়ে। এতে একটি গরু পুড়ে মারা যায় এবং প্রায় ৭০টি কবুতর দগ্ধ হয়।
অগ্নিকাণ্ডে আনুমানিক দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।