
আহ্বান নিউজ:
যশোরের মণিরামপুরে পারিবারিক বিরোধ মীমাংসার কথা বলে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে জাল চুক্তিনামা তৈরির মাধ্যমে ১ লাখ ৩৮ হাজার টাকা আদায়ের অভিযোগ উঠেছে। উপজেলার ২ নম্বর কাশিমনগর ইউনিয়নের হুমাতলা এলাকায় এ ঘটনায় স্থানীয় এক সাংবাদিক ও বিএনপির এক নেতার নাম উঠে এসেছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গত ৯ অক্টোবর এক গৃহবধূর সঙ্গে স্থানীয় এক অপ্রাপ্তবয়স্ক তরুণের সম্পর্কের অভিযোগকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। পরদিন বিষয়টি মীমাংসার আশ্বাস দিয়ে বিএনপি নেতা আতাউর রহমান ও সাংবাদিক মো. শরিফুল ইসলাম কয়েক দফায় টাকা নেন।
পরিবারটির দাবি, তরুণের বাবা মো. মুনতাজ ও তাঁর বড় ছেলের কাছ থেকে দুটি সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়। পরে ওই স্ট্যাম্পে জমি বন্ধকির চুক্তিনামা তৈরি করে যথাক্রমে ১ লাখ ও ২ লাখ টাকা নেওয়ার কথা উল্লেখ করা হয়। স্ট্যাম্প দুটি ফেরত পেতেও টাকা দিতে হয়েছে বলে অভিযোগ তাঁদের।
অভিযোগ অস্বীকার করে শরিফুল ইসলাম বলেন, তিনি সংবাদ সংগ্রহের জন্য ঘটনাস্থলে গিয়েছিলেন। স্ট্যাম্পের বিষয়ে তিনি কিছু জানেন না। অন্যদিকে আতাউর রহমানের বক্তব্য পাওয়া যায়নি।
কাশিমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এলাকাবাসী ঘটনার নিরপেক্ষ তদন্ত ও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।